উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনি আমেজ। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত সোমবার ও মঙ্গলবার সমিতির নিজস্ব কার্যালয় থেকে মোট ৫১টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির ২৮টি গ্রুপ বা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ৩৩টি প্রতিনিধি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। পীরগাছা বাজারের প্রায় ১ হাজার ২০০ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন।
নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন সোমবার ১৯টি এবং দ্বিতীয় দিন মঙ্গলবার ৩২টি ফরম সংগ্রহ করেন প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা।
এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন পরিচিত ব্যবসায়ী। তাঁদের মধ্যে রড-সিমেন্ট গ্রুপ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।
এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ থেকে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—স্বর্ণ ব্যবসায়ী শিপন সাহা, কসমেটিকস ব্যবসায়ী কনক চৌহান, ওষুধ ব্যবসায়ী আল আমিন বুলেট, আমজাদ হোসেন ও মাহমুদুল হাসান দুলাল; মুদিপণ্য ব্যবসায়ী আব্দুল মান্নান, এনায়েত উর রহমান ও রফিকুল ইসলাম রবি; কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম ও আব্দুল করিম; কাঠ ব্যবসায়ী মোস্তাক আহমেদ; হার্ডওয়্যার ও ক্রোকারিজ ব্যবসায়ী মুক্তার রহমান মুক্তা; কনফেকশনারি ব্যবসায়ী ফয়েজ আহমেদ; কাপড় ব্যবসায়ী টিটু মোল্লা; মাছ-মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম রবি এবং সার-কীটনাশক ব্যবসায়ী শওকত আলীসহ আরও অনেকে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরগাছা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক আব্দুল খালেক এবং স্থানীয় টিন ব্যবসায়ী আলম মিয়া।
নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। তাঁদের মতে, এ নির্বাচন পীরগাছা বাজারের ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস