রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। এর প্রায় পাঁচ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হলে নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস