মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফাইজুল ইসলাম দেলোয়ার।

মঙ্গলবার (১০ নভেম্বর) কালিয়াকৈর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ফাইজুল ইসলাম দেলোয়ার জানান, তাঁর বাবা ও ফুফুর মধ্যে সম্পাদিত আপস বণ্টননামা অনুযায়ী ডাকুরাইল ও বড়ইবাড়ী মৌজার জমি ভাগাভাগি হয়। পরবর্তী সময়ে তাঁরা নিজ নিজ অংশের জমি উত্তরসূরিদের হেবা দলিল করে দেন।

ফাইজুলের অভিযোগ, তাঁর ফুফাতো বোনের ছেলে মোস্তফা ও তাঁর সহযোগীরা বণ্টননামার শর্ত অস্বীকার করে ডাকুরাইল মৌজার জমি দখল করেন। এ নিয়ে গাজীপুর জজ আদালতে মামলা দায়ের করা হলে আদালত দেলোয়ার হোসেনের পক্ষে রায় দেন। পরবর্তী সময়ে আপিলেও সেই রায় বহাল থাকে। তবে আদালতের রায় থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমি দখল করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

ফাইজুল আরও জানান, গত ১৭ অক্টোবর দেলোয়ার হোসেন নিজের জমিতে ঘর সংস্কার করতে গেলে মোস্তফা ও তাঁর সহযোগীরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মিথ্যা মামলা দায়ের করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফাইজুল ইসলাম দেলোয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, জমির জবরদখল বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় সুলতান সিকদার, সিফাত আহমেদ, শামীম দেওয়ান, আজিম উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর