পিরোজপুরের কাউখালী উপজেলায় পৃথক ঘটনায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের একজনের বিরুদ্ধে সহকর্মী শিক্ষিকাকে কুপ্রস্তাব ও অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। অন্যজনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। পৃথক তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ সিদ্ধান্ত নিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জোবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতু রাণী দাসকে কুপ্রস্তাব দেওয়া ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির বিষয়টিও তদন্তে উঠে আসে।
অন্যদিকে, উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া আক্তারকে কুপ্রস্তাব দেওয়া ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় পরিচালিত তদন্তেও তাঁর সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী গত ৯ নভেম্বর থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তাঁরা খোরাকি ভাতা পাবেন।
পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এই বাংলা/এমএস