চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও দলদলী ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দীন (৭৯) মারা গেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন সম্মুখসারির যোদ্ধা ছিলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জালাল উদ্দীন উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ী-আলমপুর গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে দলদলী ইউনিয়নের লালাপুর-মিনিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহনপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ধানবোঝাই একটি ট্রলির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় দলদলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
জানাজায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আশরাফুল হক (চুনু ডাক্তার), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম লোলো হাজি, সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটুসহ মরহুমের সহযোদ্ধা মুক্তিযোদ্ধারা, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
জানাজা শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নির্মিত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এই বাংলা/এমএস