মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এনআইডি সংশোধনের জটিলতায় থমকে চিকিৎসার প্রস্তুতি, বিদেশ যেতে চান অসুস্থ সাংবাদিক ইসাহাক আলী

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিন ধরে অন্যের অসহায়ত্বের খবর তুলে ধরেছেন। এবার নিজের জীবন বাঁচাতে সহায়তা চেয়ে আকুতি জানাচ্ছেন সাংবাদিক ইসাহাক আলী। গুরুতর কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত এই সাংবাদিক উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। তবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনসংক্রান্ত জটিলতায় আটকে রয়েছে তাঁর পাসপোর্টসহ চিকিৎসার প্রয়োজনীয় প্রস্তুতি।

বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। একদিকে গুরুতর অসুস্থতা, অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের দীর্ঘ প্রক্রিয়া—সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধানের অনুরোধ জানান ইসাহাক। তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। গত তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতাও রয়েছে। বর্তমানে তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি। একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রায় সাত দিন আইসিইউতেও চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

ইসাহাক জানান, জন্মের পর থেকে বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন। তাঁদেরই বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরবর্তী সময়ে জানতে পারেন, তাঁর জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম।

জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে পালিত বাবা-মায়ের নাম থাকলেও জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। পরিচয়সংক্রান্ত এই ভিন্নতার কারণে বিভিন্ন দাপ্তরিক কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে।

সমস্যার সমাধানে জন্মনিবন্ধন সংশোধন ও অ্যাফিডেভিট সম্পন্ন করেছেন ইসাহাক। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে তদন্তও করেছেন। এরপরও এনআইডি সংশোধনের জটিলতা কাটেনি।

গত রোববার নির্বাচন কমিশন থেকে তাঁকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদ সংশোধন করে জমা দিতে বলা হয়েছে। ইসাহাকের দাবি, শিক্ষাগত সনদ সংশোধনে তাঁর আপত্তি নেই। তবে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মাত্র ১৫ দিনের মধ্যে সংশোধিত সনদ পাওয়া সম্ভব নয়।

তিনি আরও জানান, তাঁর পালিত বাবা শয্যাশায়ী এবং জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। নিজের শারীরিক অবস্থাও এমন যে অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষাগত সনদে বাবা-মায়ের নাম সংশোধন সময়সাপেক্ষ। ১৫ দিনের মধ্যে তা সম্ভব নয়।

রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষাগত সনদ সংশোধন করে আবেদন করতে হবে।

ইসাহাকের আবেদন, ইতোমধ্যে সম্পন্ন তদন্ত ও জমা দেওয়া নথিপত্রের ভিত্তিতে যেন দ্রুত এনআইডি সংশোধনের জটিলতা নিরসন করা হয়। সংশোধিত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার আইনসম্মত বিকল্প ব্যবস্থা বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক বলেন, “আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই। পরিবারের কাছে ফিরে স্বাভাবিকভাবে বাকি জীবনটুকু কাটাতে চাই।”

দীর্ঘদিন অন্যের অসহায়ত্বের কথা তুলে ধরা এই সাংবাদিকের নিজের জীবন বাঁচানোর আকুতিতে এখন জরুরি প্রশ্ন—জরুরি চিকিৎসার প্রয়োজনে প্রশাসনিক জটিলতার আইনসম্মত সমাধান কি আরও দ্রুত করা সম্ভব?

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর