মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে এমএন লারমাকে স্মরণ, জেএসএসের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও স্মরণসভার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা)।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ারে প্রভাতফেরি শেষে তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও পর্যায়ক্রমে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে খাগড়াছড়ি সদরের তেঁতুলতলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় শোকপ্রস্তাব পাঠ ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মানবেন্দ্র নারায়ণ লারমাকে স্মরণ করেন নেতাকর্মীরা।

স্মরণসভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা পাহাড়ে জুম্ম জাতির অগ্রদূত ছিলেন। জুম্ম জনগোষ্ঠীকে অনিশ্চিত জীবনের পথ থেকে শান্তির পথে এগিয়ে নিতে তিনি মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন।

তাঁরা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। জুম্ম জাতির অস্তিত্ব রক্ষায় আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য সংগ্রাম করেছেন এবং পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গেছেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সহসাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি রবি শংকর তালুকদার এবং খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর অতিশ চাকমা।

এ ছাড়া পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুনেন্টু চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমাসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের সাবেক এপিএস বিশ্বজিৎ চাকমা, আদিবাসী ফোরামের খাগড়াছড়ি সভাপতি নব কুমার চাকমা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর স্বজাতীয় ষড়যন্ত্রকারীদের হামলায় ঘাতকের বুলেটে নিহত হন মানবেন্দ্র নারায়ণ লারমা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর