মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলাম। আহত অবস্থায় চিকিৎসার জন্য তিনি ঢাকার উদ্দেশে শ্রীমঙ্গল ছেড়েছেন বলে জানিয়েছেন এনসিপি ও ছাত্রশক্তির নেতারা। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর সড়কে এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করে হামলা চালান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবার দুপুরে ঢাকা ফেরার উদ্দেশে রিসোর্ট থেকে বের হওয়ার পর রাধানগর সড়কে হামলার শিকার হন তিনি। হামলায় তাঁর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানিয়েছেন এনসিপি ও ছাত্রশক্তির নেতারা। পরে চিকিৎসার জন্য তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
ঘটনার খবর পেয়ে এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা শ্রীমঙ্গল থানায় যান। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
ছাত্রশক্তির মৌলভীবাজার জেলা প্রধান সংগঠক রাফি হোসেন ফাহিম বলেন, ‘আমরা এখন শ্রীমঙ্গলে আছি। জুলাইযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল হবে। পরে থানায় মামলা দায়ের করা হবে।’
এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ আহমদ বলেন, ‘হাসিব তাঁর স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আমরা শ্রীমঙ্গলে আছি।’
এ বিষয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘এ ধরনের একটি ভিডিও দেখে পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনার খোঁজ নিচ্ছে। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’
এই বাংলা/এমএস