মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন, আটক আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন লাগে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী সেখানে ছুটে যান। তারা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত তা পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।

কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা।

এ ঘটনার প্রতিবাদে রাতেই দলীয় নেতাদের নেতৃত্বে বড়পিলাক এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ১০ নভেম্বর আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীরা পরিকল্পিতভাবে কার্যালয়টিতে আগুন দিয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর