মাছের গুণগত মান ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে সরাসরি ভোক্তাদের কাছে নিরাপদ মৎস্য পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে চালু হয়েছে বিশেষায়িত বিক্রয় কেন্দ্র ও প্রদর্শনী ‘ReadyFish’।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নাটোর মৎস্য চাষী কল্যাণ সমিতির উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।
উদ্যোক্তারা জানান, চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও নিরাপদ মৎস্যসম্পদ আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যে রাজশাহী মহানগরীর কাজলা ও মতিহার এলাকায় বিক্রয় কেন্দ্র ও প্রদর্শনীর কার্যক্রম শুরু হয়েছে।
প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।
কর্মব্যস্ত মানুষের সুবিধা ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে এখানে আস্ত মাছের পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পরিষ্কার করা ও কেটে প্রস্তুত করা মাছ পাওয়া যাবে। এ ছাড়া থাকবে রান্নার উপযোগী ফিশ ফিলেট এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত মৎস্য পণ্য।
কেন্দ্রে আসা এক ক্রেতা বলেন, “দেশি ও বিলের মাছের প্রতি আমার সবসময়ই আগ্রহ থাকে, কিন্তু বাজারে তা সহজে পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের এই প্রদর্শনী থেকে নির্ভেজাল ও তাজা মাছ পাওয়া যাবে—এই বিশ্বাস থেকেই আসা এবং পরিবারের জন্য মাছ সংগ্রহ করা।”
মাছচাষি সোহেল রানা জানান, চলনবিল ও নদী থেকে সরাসরি ভেজালমুক্ত মাছ বাজারজাত করার বিশেষ পরিকল্পনা নিয়েই তাঁরা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন।
এ বিক্রয় কেন্দ্রে চলনবিলের দেশীয় মাছ, পদ্মা ও যমুনা নদীর তাজা মাছ, আধুনিক খামারে উৎপাদিত নিরাপদ চাষের মাছ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত দেশীয় মাছের শুঁটকি পাওয়া যাবে।
উদ্যোগটি সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, “বর্তমানে কর্মব্যস্ত জীবনে বাসায় নিয়ে মাছ কাটা অনেকের জন্যই একটি বড় সমস্যা। বিশেষ করে মা-বোনদের সুবিধার কথা চিন্তা করে আমরা কর্মীদের প্রশিক্ষণ দিয়েছি—কীভাবে মাছ কেটে, প্যাকেটিং করে স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা যায়। এ ছাড়া প্রতিটি প্যাকেটে ‘অথেন্টিক সোর্স’ উল্লেখ থাকবে; অর্থাৎ মাছটি পদ্মার, চলনবিলের নাকি চাষ করা মাছ, তার স্পষ্ট উৎস লেখা থাকবে। এতে ক্রেতারা শতভাগ আশ্বস্ত হয়ে মাছ কিনতে পারবেন।”
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে ভোক্তাদের নিরাপদ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি নাটোর ও রাজশাহী অঞ্চলের মৎস্যচাষীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার সম্প্রসারণেও ভূমিকা রাখবে ‘ReadyFish’।
এই বাংলা/এমএস