বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

কাশিমপুরে ৩০ মিটার সড়ক ধস, দ্রুত চলাচল উপযোগী করা হবে: সোহেল হাসান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
গাজীপুরে নতুন সড়ক ধসে জনদুর্ভোগ, তদন্ত কমিটি গঠন / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় নতুন নির্মিত সড়কের একটি অংশ ধসে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও জনদুর্ভোগ সৃষ্টি করেছে। ঘটনার খবর পেয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, ধসে পড়া অংশে দ্রুত মাটি ও বালু ফেলে আপাতত রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে। এছাড়া ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বুয়েট বা ডুয়েটের পুরকৌশল বিভাগের একজন অধ্যাপক, প্রকল্পের পিডি এবং স্থানীয় সরকার বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী থাকবেন। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সড়ক নির্মাণ কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএলকে দেওয়া হয়েছিল। এখনো তাদের কোনো বিল পরিশোধ করা হয়নি এবং জামানত সিটি কর্পোরেশনের কাছে রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ প্রতিষ্ঠানটির মাধ্যমে নেওয়া হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, প্যাকেজ নম্বর–১২ এর অধীনে ১ হাজার ১৫০ মিটার সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ছিল ১০ কোটি ৮০ লাখ টাকা, যা পরে বেড়ে ১১ কোটি ৬৪ লাখ টাকায় কার্যাদেশ দেওয়া হয়। প্যাকেজ নম্বর–৫ এর আওতায় প্রায় ১২ হাজার ৪৬ মিটার সড়কের ব্যয় নির্ধারণ করা হয় ১৪ কোটি ২৮ লাখ টাকার বেশি।

স্থানীয়রা জানিয়েছেন, ধসে পড়া অংশটি নদীর বাঁকের কাছে হওয়ায় মাটি সরার সম্ভাবনা রয়েছে। কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, “নদীর পাড় সংলগ্ন হওয়ায় এটি প্রাকৃতিক কারণে ঘটতে পারে, আবার পরিকল্পনার ত্রুটিও থাকতে পারে।”

প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ জানান, আপাতত চলাচলের বিকল্প ব্যবস্থা করা হচ্ছে এবং কারিগরি মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী সমাধান নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর