চাঁদপুরের নির্মাণশ্রমিক মোস্তাকিন হত্যা: পলাতক আসামি কামরুল শিকদার গ্রেপ্তার

0
135
চাঁদপুরের আলোচিত নির্মাণশ্রমিক মোস্তাকিন হত্যা মামলার পলাতক আসামি কামরুল শিকদার গ্রেফতার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

 

 

চাঁদপুরের আলোচিত নির্মাণশ্রমিক মোস্তাকিন হত্যা মামলার পলাতক আসামি কামরুল শিকদারকে ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) রাতে বনানী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

র‍্যাব জানায়, অভিযানে অংশ নেয় র‍্যাব-৭ ও র‍্যাব-০১-এর সদস্যরা।

র‍্যাব সূত্রে জানা গেছে, নিহত মোস্তাকিন বরগুনা জেলার তালতলী থানা এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিক। জনৈক আবু সালেহ মোল্ল্যা মাসিক ১২ হাজার টাকা বেতনে চাঁদপুর সদর এলাকায় একটি ডিপ টিউবওয়েল স্থাপনের কাজে তাঁকে শ্রমিক হিসেবে নিয়োগ দেন।

গত ৮ জানুয়ারি ২০২৫ সালে মোস্তাকিন চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানা-ধীন শাহ মাহমুদপুর এলাকায় কাজে যোগ দেন। কাজ চলাকালে দীর্ঘদিন ধরে বেতন না দেওয়ায় ঠিকাদারের কাছে পাওনা টাকার দাবি করেন তিনি। অভিযোগ রয়েছে, প্রায় আট মাসের বেতন বকেয়া রাখেন আবু সালেহ মোল্ল্যা।

পরবর্তী সময়ে বিষয়টি মোস্তাকিন তাঁর মাকে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিসের উদ্যোগ নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ঠিকাদার আবু সালেহ মোল্ল্যা মোস্তাকিনকে মারধর ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ পরিবারের।

একপর্যায়ে মোস্তাকিনের মামা কিবরিয়া হাওলাদারের ব্যবহৃত মুঠোফোনে কল করে জানানো হয়, মোস্তাকিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে না পেয়ে থানায় খোঁজ নিতে যান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে লাশ শনাক্ত করতে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান, মোস্তাকিনের শরীরের বিভিন্ন স্থানে, বুকে এবং অণ্ডকোষে ইট ও হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় নিহত মোস্তাকিনের মা বাদী হয়ে চাঁদপুর সদর থানায় পাঁচজনকে এজাহারনামীয় এবং তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি দায়ের করা হয় ২৬ আগস্ট ২০২৫ সালে। মামলার নম্বর ১০২। মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকে কামরুল শিকদার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি বনানী এলাকায় অবস্থান করছেন। এরপর শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বনানী থানাধীন আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামরুল শিকদারের বয়স ২৫ বছর। তাঁর বাড়ি বরগুনা জেলার তালতলী থানার কলারং গ্রামে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here