শেরপুরে অবৈধ বালু উত্তোলন, পাঁচজনকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড

0
145
‎ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

আদালত সূত্রে জানা যায়, বহুমহল ও বালুমহাল ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— কাংশা গ্রামের আকবর কাসেমের ছেলে সাইফুল ইসলাম (৩০), জামসেদ আলী শেখের ছেলে আব্দুল মমিন (৩৪), জটু শেখের ছেলে মোনা সরকার (২৯), শ্রীবরদী উপজেলার বালিজুড়ি এলাকার জাহের আলীর ছেলে হানিফ উদ্দিন (৪৫), ঝাড়মোড়া গ্রামের হাজী করিম উদ্দিনের ছেলে কেমার আলী (৫০), অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রশাসন জানায়, শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার বালুমহালের ইজারা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এই সুযোগে একটি চক্র গোপনে নদী ও বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙন, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন বলেন, “আইন অমান্য করে কেউ বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here