নিজস্ব প্রতিবেদন :
নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ক্যাশিয়ার ম্রাসাথোয়াই মার্মা। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে।
এক আলাপচারিতায় ম্রাসাথোয়াই মার্মা বলেন, সরকার পতনের পর এবং জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ধারাবাহিকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে ভুয়া তথ্য উপস্থাপন করে তাকে নিয়ে অপপ্রচার করছে।
তিনি আরও বলেন, কিছু সাংবাদিক তার কোনো বক্তব্য না নিয়েই ফেসবুকে তাকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন, যা সাংবাদিকতার নীতি ও নৈতিকতার পরিপন্থী। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে মারমা সম্প্রদায়ের কয়েকজন নেতাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ম্রাসাথোয়াই মার্মা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চাকরি করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে আসছেন। তার বিরুদ্ধে হঠাৎ করে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো দুঃখজনক বলে তারা মনে করেন।
সম্প্রদায়ের আরেক নেতা বলেন, ম্রাসাথোয়াই মার্মা কখনো কারও ক্ষতি করেননি; বরং সমাজের মানুষের উপকারে কাজ করেছেন। কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা গুজব ছড়ানো একটি গুরুতর অপরাধ এবং এতে একজন মানুষের সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়।
তারা সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার এবং ব্যক্তিগত ক্ষোভ বা আবেগের বশবর্তী হয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক