সাটুরিয়ায় ৪ বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাটুরিয়া-দরগ্রাম সড়ক, ৪ বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ / ছবি - এই বাংলা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়া-দরগ্রাম সড়কের একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজের নির্মাণকাজ দীর্ঘ চার বছর ধরে ঝুলে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। কাজের ধীরগতি এবং বিকল্প রাস্তার অব্যবস্থাপনায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

ব্রিজটির পশ্চিম পাশে অবস্থিত ঐতিহ্যবাহী কালুশাহ কলেজ, চারটি বেসরকারি স্কুল, একটি মাদ্রাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই অসম্পূর্ণ ব্রিজের পাশ দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিনের এই অচলাবস্থার কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজে পৌঁছাতে যেমন দেরি হচ্ছে, তেমনি তাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

ব্রিজের পূর্ব পাশে রয়েছে একটি বড় ও জনপ্রিয় হাট ও বাজার। এখানে প্রতিদিন বাজার বসলেও প্রতি বৃহস্পতিবার বসে বিশাল হাট। ধীরগতির নির্মাণকাজের কারণে পণ্যবাহী যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে, যার প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসায়ীদের ওপর।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বর্তমানে ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে একটি সরু ডাইভারশন (বিকল্প রাস্তা) তৈরি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই ডাইভারশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুষ্ক মৌসুমে এই রাস্তায় উড়ন্ত ধুলাবালির কারণে পথচারী ও চালকদের নাভিশ্বাস উঠছে। ডাইভারশন দিয়ে গাড়ি চলাচলের সময় চারপাশ ধুলোয় অন্ধকার হয়ে যায়, যা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে।

দীর্ঘ চার বছর অতিবাহিত হলেও কেন ব্রিজের কাজ শেষ হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অতি দ্রুত এই জনগুরুত্বপূর্ণ ব্রিজের কাজ সম্পন্ন করে এলাকার শিক্ষা, ব্যবসা ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here