মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মাদক সেবনের সময় আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের সময় মো. আকাশ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আকাশ ওই এলাকার মো. শহীদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাট্টাজোড় পশ্চিমপাড়া এলাকায় মাদক সেবনের সময় আকাশকে হাতেনাতে আটক করা হয়। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আকাশকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর