মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কৃষি গবেষণায় তিন বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গাকৃবিতে কর্মশালার সমাপনী

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কৃষির চলমান চ্যালেঞ্জ মোকাবিলা, নতুন সম্ভাবনা অনুসন্ধান এবং গবেষণার সুফল সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিন দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা বিষয়ক কর্মশালা ২০২৬-২০২৯’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ম্যানেজমেন্ট উইং আয়োজিত এ কর্মশালায় পাঁচটি থিমেটিক এরিয়ায় মোট ৩৪টি গুরুত্বপূর্ণ গবেষণা পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম। এ সময় বিভিন্ন গবেষণা প্রকল্পের প্রধান ও সহকারী গবেষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী পরিচালক (প্রকল্প গবেষণা) ডা. মো. সহিদুল ইসলাম।

কর্মশালার বিভিন্ন অধিবেশনে প্রকল্পের প্রধান গবেষকরা নিজ নিজ গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের কৃষিতে এসব গবেষণার সম্ভাব্য প্রয়োগ ও প্রভাব তুলে ধরেন।

তিন দিনের আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও মতামত পর্যালোচনায় গবেষণা পরিকল্পনাগুলোকে আরও বাস্তবসম্মত, সময়োপযোগী ও ফলাফলভিত্তিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারের কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নে গবেষণার কোনো বিকল্প নেই। আমাদের গবেষণা হতে হবে জাতীয় কৃষি উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ, উদ্ভাবননির্ভর ও কৃষকের জন্য প্রয়োগযোগ্য। কারণ গবেষণার প্রকৃত সার্থকতা তখনই, যখন তার সুফল কৃষকের মাঠে পৌঁছে দেশের কৃষির উৎকর্ষ সাধনে ভূমিকা রাখে।”

সভাপতির বক্তব্যে পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম বলেন, “তিন দিনব্যাপী এ কর্মশালার মূল অর্জন শুধু ৩৪টি গবেষণা পরিকল্পনা উপস্থাপন নয়; বরং বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে একটি সুসংগঠিত, সমন্বিত ও দীর্ঘমেয়াদি কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করা। রিসার্চ ম্যানেজমেন্ট উইং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখবে।”

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব পরিকল্পিত গবেষণা উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষি উন্নয়ন, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের অবদান আরও সম্প্রসারিত হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর