বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

৯ দফা দাবিতে বরিশালে ব্যাটারিচালিত যানবাহন চালকদের সমাবেশ, স্মারকলিপি প্রদান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বরিশাল প্রতিনিধি :

 

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকদের জন্য বৈধ স্বীকৃতি, নিবন্ধন, লাইসেন্স ও প্রশিক্ষণের দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয় এ কর্মসূচি থেকে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

সংগঠনের বরিশাল জেলা শাখার সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দসহ স্থানীয় শ্রমিক প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করছে, যা বৃহৎ একটি শ্রমশক্তির জীবিকার সঙ্গে সম্পৃক্ত। এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩ কোটি মানুষ নির্ভরশীল হলেও এখনো কার্যকর কোনো নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন হয়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তারা আরও বলেন, বিআরটিএ’র আওতায় নিবন্ধন, চালকদের লাইসেন্স প্রদান, প্রশিক্ষণ এবং রুট পারমিট নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড চালুর দাবি জানান তারা।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, পূর্বে প্রণীত একাধিক নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় এ খাতের শ্রমজীবীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ২০২৫ সালে প্রণীত বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত কার্যকর করার দাবিও জানান তারা।

বক্তারা বলেন, শুধু সিটি কর্পোরেশনের স্টিকার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; বরং প্রয়োজন সরকারি স্বীকৃতি, মান নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ। ভবিষ্যতের জ্বালানি চাহিদা বিবেচনায় বৈদ্যুতিক যানবাহনকে নীতিমালার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তারা।

সমাবেশ শেষে প্রতিনিধি দল ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর