নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর কাজীরহাট বাজারে ডাচ বাংলা ব্যাংক-এর ফাস্ট ট্র্যাক এটিএম বুথে সংঘটিত ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—নোয়াখালীর কবিরহাট উপজেলার রামদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো. ইউসুফ নবী (৪৮) এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাকতলী ভুইয়াবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে মোদাচ্ছের হোসেন (২৯)।
পুলিশ জানায়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজীরহাট বাজারে অবস্থিত একটি এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৪ ডিসেম্বর নীলফামারী থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, চক্রের দুই সদস্য ইউসুফ নবী ও মোদাচ্ছের হোসেন অন্য একটি মামলায় বগুড়া জেলা কারাগারে আটক ছিলেন। পরবর্তীতে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।
জিজ্ঞাসাবাদে তারা সহযোগীদের সঙ্গে মিলে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আসামি ইউসুফ নবী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য এবং অন্যান্য জড়িতদের নাম-ঠিকানা প্রকাশ করেছেন।
এ ঘটনায় লুণ্ঠিত মালামালের মধ্যে একটি লোহার তৈরি মিনি ভল্ট, ৪৪২টি ডিবিবিএল এটিএম কার্ড, একটি সিডিএম এইচডিডি, ১০টি এজেন্ট ব্যাংকিং কার্ড, ৮ বক্স স্টার প্লাগ পিন এবং ৬টি বলপেন উদ্ধার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

