নীলফামারীতে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ২০ মে, ২০২৬
নীলফামারী প্রতিনিধি :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি বাঙালির চেতনা ও মানবিক মূল্যবোধের পথপ্রদর্শক। তাদের সাহিত্য নতুন প্রজন্মকে দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা ও মানবতার শিক্ষা দেয়। তিনি তরুণদের মধ্যে রবীন্দ্র ও নজরুলচর্চা আরও বিস্তারের আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। তিনি বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা সমাজকে মানবিক ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে বাঙালিকে সাহস জুগিয়েছে। তাদের লেখনী আজও সমাজ গঠনে অনুপ্রেরণার উৎস।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তাঁদের অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মকে তাঁদের সাহিত্য ও সংগীতের সঙ্গে আরও বেশি পরিচিত করতে পারিবারিক ও সামাজিক উদ্যোগ বাড়ানো প্রয়োজন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।