মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে জিপে আগুন, পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন হারিয়ে দিশেহারা মালিক

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে পার্কিং করে রাখা একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত শেষ রাতে কে এইচ টি সি হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মালিক মোহাম্মদ শাহীন। গাড়িটি চালিয়েই তাঁর পরিবারের জীবিকা নির্বাহ হতো।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জিপটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, প্রতিদিনের মতো রাতেও তিনি গাড়িটি হাসপাতালের সামনে পার্ক করে রেখেছিলেন। ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে যেতে দেখেন।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “এই গাড়িটি চালিয়েই আমি সংসার চালাতাম। আমার পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এটি। এখন আমি সম্পূর্ণ দিশেহারা।” আগুনে তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৪টার দিকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর