কুড়িগ্রাম সদর উপজেলার পৌর শহরের কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ে অবস্থিত টিনশেডের কয়েকটি দোকানে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, কম্পিউটারসামগ্রী ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
এই বাংলা/এমএস