পায়ে হেঁটে সৌদি আরবের মক্কায় গিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে নাটোরের সিংড়া থেকে যাত্রা শুরু করেছিলেন দুলাল হোসেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেনাপোল সীমান্তে পৌঁছালেও ভারতীয় ভিসা না থাকায় সেখান থেকে আর এগোতে পারেননি তিনি। পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজ গ্রামে ফিরে এসেছেন।
দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। গত ৪ আগস্ট হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি।
যাত্রাপথে বিভিন্ন স্থান পেরিয়ে বেনাপোল সীমান্তে পৌঁছান দুলাল। তবে প্রয়োজনীয় ভারতীয় ভিসা না থাকায় সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করতে পারেননি। পরে বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসেন।
বাড়ি ফেরার পর প্রতিবেশী ও স্থানীয়দের সঙ্গে নিজের যাত্রাপথের অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন তিনি। স্থানীয়দের অনেকেই তার কাছে যাত্রাপথের বিভিন্ন অভিজ্ঞতা শুনছেন।
দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা থেকেই পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেনাপোল সীমান্ত পর্যন্ত পৌঁছালেও ভারতীয় ভিসা না থাকায় সেখান থেকে আর এগোতে পারেননি।
তিনি জানান, প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্র প্রস্তুতের জন্য একজন ব্যক্তি তাকে সহযোগিতা করছেন। ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলে আবারও পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা রয়েছে তার।
এই বাংলা/এমএস