ডিমলায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সেনা সদস্যসহ আটক পাঁচ

0
198
ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ পাঁচজন গ্রেফতার / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


নীলফামারীর ডিমলায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক সেনা সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মতিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সেনা সদস্য মোঃ আলী হোসেন (১৯) ডিমলা উপজেলার টেপাখরিবাড়ী ইউনিয়নের দক্ষিণ খরিবাড়ী এলাকার তেলিবাজারের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি সাভার ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী মেয়েটি মতিরবাজার এলাকার জয়নাল মিয়ার (ছদ্মনাম) সুমি উচ্চমাধ্যমিক পড়ুয়া কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন থেকে চার বছর ধরে সেনা সদস্য আলী হোসেনের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। সেনাবাহিনীতে যোগদানের পর আলী হোসেন বিয়েতে গড়িমসি শুরু করলে বিষয়টি উভয় পরিবারের মধ্যে বিরোধের জন্ম দেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার দিন রাতেও আলী হোসেন মেয়েটির বাড়িতে গেলে পরিবার ও এলাকাবাসী তাকে আটক করে। পরে উভয় পক্ষের সম্মিলিত প্রস্তাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনা সদস্য ও মেয়েটিকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করে।

ভুক্তভোগী মেয়েটি জানান, “আমাদের মধ্যে কয়েক বছর ধরে সম্পর্ক ছিল। আলী হোসেন বিয়ের আশ্বাস দিয়েছিলেন। সেই বিশ্বাসের ওপর ভর করেই আমরা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছি। পরবর্তীতে এই ঘটনার কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি।”

সেনা সদস্য মোঃ আলী হোসেন বলেন, “প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর মেয়ের বাবার সঙ্গে ফোনে কথা বলি ও বিয়ের প্রস্তাব দিই। ছুটিতে বাড়িতে এসে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন এলাকাবাসী ও মেয়ের ভাই আমাকে আটক করে, পরে আমাদের বিয়ে সম্পন্ন হয়।”

সেনা সদস্যের বাবা মোঃ দেলোয়ার হোসেন বলেন, “ঘটনার রাতে আমি থানায় একটি এজাহার দায়ের করি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আমার ছেলে-মেয়েসহ কয়েকজনকে থানায় নিয়ে আসে। বিষয়টি মীমাংসার জন্যও প্রস্তাব দিয়েছিলাম, তবে ওসি জানিয়েছেন মামলা রেকর্ড হওয়ায় সেটি আদালতে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই।”

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনা সদস্যসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ১৩ জানুয়ারি দুপুরে তাদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here