নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইউসুফ ওরফে রুবেল (৩৭)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এর আগে সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ও র্যাব-৭ (সিপিএসসি) পতেঙ্গা, চট্টগ্রামের যৌথ অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে ইউসুফ ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যাব সূত্রে জানা যায়, গত বছরের ১১ জানুয়ারি রাত ২টার দিকে সদর উপজেলার কালাধরা ইউনিয়নে সংঘটিত একটি ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ছায়া তদন্তের মাধ্যমে অনুসন্ধান শুরু করে।
তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও ধারাবাহিক অভিযান পরিচালনা করে র্যাব অপর আসামি ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-১১ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

