সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

তাড়াশে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নিয়োগপ্রত্যাশী পরীক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সচেতন যুবসমাজ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে জনবল নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা।

বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের দাবি জানান। একই সঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের অপসারণ ও তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা।

বক্তারা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যোগ্য প্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

আন্দোলনকারীরা দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

তবে এসব অভিযোগের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর