মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি-যুবদল-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্টার টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে সাংবাদিক জুবাইরের পক্ষে উলিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম উলিপুর থানায় এজাহারটি দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক।

এজাহারে উলিপুর উপজেলা বিএনপি নেতা মো. নুরুজ্জামান বাচ্চু, যুবদল কর্মী মো. রফিক হাসান, ছাত্রদল নেতা মো. মেহেদী হাসান মারুফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংবাদিক জুবাইরকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, গত বুধবার হামলার ঘটনায় তিনি আহত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে তিনি বাড়ি ফেরেন। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি পুলিশের কাছে এজাহার দিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সাংবাদিক জুবাইর বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তিনি হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

এদিকে থানায় এজাহার গ্রহণ করা হলেও শনিবার রাত ৮টা পর্যন্ত তা মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। এ বিষয়ে উলিপুর থানার ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “এজাহার পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে এজাহারে নাম থাকা ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারিত হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর