সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

মিরসরাইয়ে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রী রক্তাক্ত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষের দরজার কাছে তাঁর স্ত্রী তাহমিনা আক্তার (২৪)কে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। এ সময় তাঁদের ১০ মাস বয়সী কন্যাশিশু ফাতিহা আক্তারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের ‘হোটেল রিলাক্স জোন’-এর ১০৪ নম্বর কক্ষ থেকে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা।

হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, রোববার দুপুর ২টার দিকে আমিনুল ইসলাম স্ত্রী ও ১০ মাস বয়সী মেয়েকে নিয়ে হোটেলে আসেন। পরে তাঁরা ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। বিকেল ও রাতে দুবার তাঁরা হোটেলের বাইরে যান এবং পরে আবার কক্ষে ফিরে আসেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে কক্ষে থাকা ব্যক্তিদের ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। বিষয়টি অন্য কর্মচারীদের জানানো হলে পরে কক্ষের দরজা খোলা হয়। এ সময় স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং কক্ষের ভেতরে আমিনুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাহমিনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের শিশুকন্যাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একই কক্ষে স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর