রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ফুলবাড়ীয়ায় নিখোঁজ কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় নিখোঁজের ১০ দিন পর বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত রায়হান তালুকদারের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে ব্যাগ ও বস্তার ভেতরে থাকা মরদেহের বিভিন্ন খণ্ডাংশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই থেকে রায়হান তালুকদার নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বেগে ছিলেন। পরে বাড়ির পাশের পুকুর থেকেই তার মরদেহের খণ্ডাংশ উদ্ধার হয়।

খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ টুকরো করে বস্তাবন্দি অবস্থায় পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই সম্পর্কিত আরো খবর