শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ইরান যুদ্ধ থেকে সরে আসার উপায় খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার সম্মানজনক উপায় খুঁজতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলছে, যুদ্ধ আরো জোরদার করা হলে উল্টো ফল দিতে পারে। সেই সঙ্গে শুধু বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব বলেও উল্লেখ করেন কেইন।

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকের আগে এসব কর্মকর্তার মধ্যে সমন্বয় ও অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা করছেন কেইন।

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র সিএনএনকে জানায়, ‘কেইন বেরিয়ে আসার পথ খুঁজছেন।’ আরেক সূত্র জানায়, সামরিক বাহিনীকে আরো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলা থেকে রক্ষা করাই তার মূল উদ্দেশ্য।

ট্রাম্প ইরানে স্থল সেনা পাঠানোর ব্যাপারে অনাগ্রহী এবং বিমান হামলার মাধ্যমে তেহরানকে তার শর্তে চুক্তিতে রাজি করানো সম্ভব বলে মনে করছেন। তবে কেইনসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে মনে করছেন, শুধু বিমান হামলায় কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব না-ও হতে পারে। তাই ট্রাম্পের নির্ধারিত সীমার মধ্যেই বিকল্প পথ খোঁজা হচ্ছে।

এ বিষয়ে সিএনএনের প্রশ্নের জবাবে কেইনের মুখপাত্র জোসেফ হলস্টেড বলেন, ‘প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী বা অন্য ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে চেয়ারম্যানের (কেইন) গোপন আলোচনার বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। একই সঙ্গে এই আলোচনায় অনুপস্থিত সূত্রগুলোর অজ্ঞাত ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য সম্পর্কেও আমাদের কোনো বক্তব্য নেই।’

এই সম্পর্কিত আরো খবর