পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাসমেলার আনুষ্ঠানিকতা। পাঁচ দিনব্যাপী এ উৎসবে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হয়েছে নতুন সাজে। চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি।
কারিগরদের রং-তুলির নিপুণ ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। সোমবার রাতভর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে চলবে সংগীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পুণ্যস্নান।
এরপর মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাসমেলা। এ ছাড়া উৎসবকে ঘিরে কুয়াকাটা সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান।
উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এই বাংলা/এমএস