মানিকগঞ্জের হরিরামপুরে ধর্মীয় সংগঠন ‘শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবা সংঘ’-এর উদ্যোগে সাত দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মহোৎসবে মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক কৃষ্ণভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
হরিরামপুরের প্রয়াত জিতেন্দ্র নাথ সরকার ও প্রয়াত রতন সাধুর বাসভবনে এ মহোৎসবের আয়োজন করা হয়। সাত দিনব্যাপী আয়োজনের মধ্যে ৮ নভেম্বর ২০২৬ শ্রী শ্রী শ্যামা কালীপূজা, ৯ নভেম্বর কবিগান, ১০ নভেম্বর গীতাপাঠ, ১১ নভেম্বর শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ১২ ও ১৩ নভেম্বর একনাম কীর্তন এবং ১৪ নভেম্বর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। সাত দিনব্যাপী অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য অন্ন, ডাল, সবজি (লাবড়া), মিষ্টান্নসহ বিভিন্ন ধরনের প্রসাদের ব্যবস্থা করা হয়। আয়োজকদের আন্তরিকতা ও সুন্দর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন আগত ভক্তরা। ধর্মীয় এ আয়োজনের খবর ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকেও কৃষ্ণভক্তদের সমাগম ঘটে।
শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবা সংঘের কার্যকরী সভাপতি শ্রী নিতাই চন্দ্র হালদার বলেন, দেশ, জাতি ও বিশ্বের সব জীবের শান্তি ও কল্যাণ কামনায় ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ বছরের আয়োজনটি তাঁদের দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান। ভক্তরা তাঁদের আয়োজনের প্রতি সন্তুষ্ট—এটাই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, ‘ভক্তের চরণধূলিই আমার একমাত্র সম্বল। সৃষ্টিজগতের কল্যাণ হোক, জগতের সবাই ভালো থাকুক। সবাই কৃষ্ণনামের সঙ্গে থাকুক।’
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র দাস বলেন, ‘একজন সাংগঠনিক কর্মী হিসেবে আমি গভীরভাবে উপলব্ধি করি, বর্তমান অশান্ত সময়ে মহানাম সংকীর্তন মানবজীবনে শান্তি, পরিত্রাণ ও মুক্তির পথ। শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত এই হরিনাম সংকীর্তন আমাদের অন্তরের কালিমা দূর করে ভক্তির আলো জ্বেলে দেয়।’
আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কার্যকরী কমিটির সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। পাশাপাশি উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় পুরো আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজনের মধ্য দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়বে।
এই বাংলা/এমএস