কুড়িগ্রামের চিলমারী উপজেলায় তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার প্রসারে ভূমিকা রেখে চলেছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ। জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত এ প্রতিষ্ঠানটি চিলমারীসহ পার্শ্ববর্তী উলিপুর উপজেলার পিছিয়ে পড়া নারীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উপজেলার শহর-সংলগ্ন থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় ১৯৯৫ সালে কলেজটির যাত্রা শুরু হয়। কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বন কর্মকর্তা মো. গোলাম হাবিব দুলালের নেতৃত্বে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল পিছিয়ে থাকা নারীদের শিক্ষার সুযোগ তৈরি করা। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি জাতীয় উন্নয়নেও ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে আট শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে ডিগ্রি (পাস) কোর্সে রয়েছে প্রায় ৩০০ শিক্ষার্থী। প্রতিবছর জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হারের দিক থেকে চিলমারী উপজেলায় নিজেদের অবস্থান ধরে রাখার দাবি করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ের পাশাপাশি বিভাগীয় পর্যায়েও সাফল্য অর্জন করে আসছে শিক্ষার্থীরা।
তবে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটির ফলাফলে দেখা গেছে, ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে একজন।
চার একর নিজস্ব জমির ওপর মনোরম পরিবেশে গড়ে ওঠা কলেজটিতে রয়েছে আধুনিক লাইব্রেরি, বিজ্ঞান গবেষণাগার, ডিজিটাল আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম। চরাঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ সহায়তার ব্যবস্থা।
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, গল্পের আসর, রোভার স্কাউট, বিতর্ক প্রতিযোগিতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও ভূমিকা রাখছে।
কলেজটির পাঠদান কার্যক্রমের সাফল্য জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখানকার সাবেক শিক্ষার্থীদের অনেকে উচ্চশিক্ষা শেষ করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা, সরকারি প্রশাসন, স্বাস্থ্যসেবা ও ব্যাংকিংসহ নানা ক্ষেত্রে তারা নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন।
কলেজটির দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. রাজিয়া সুলতানা জানায়, কলেজের পড়াশোনার মান ও পরিবেশ বেশ ভালো। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন। পাঠ্যবইয়ের বিষয়ের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গড়ার বিষয়েও দিকনির্দেশনা দেন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে ধৈর্যসহকারে বারবার বুঝিয়ে দেন তারা। এতে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ছে।
একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোছা. সুমাইয়া আক্তার জানায়, কলেজে মেয়েরা নিরাপদ ও সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এখানকার সার্বিক পরিবেশ তাদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করে। নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোছা. আমিনা ইসলাম সুক্তি জানায়, নিয়মিত পাঠদান, পরীক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষকদের সহযোগিতা তাদের শিক্ষাজীবনকে আরও সুন্দর করে তুলেছে।
অভিভাবক মো. আশরাফুল ইসলাম বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নানা কারণে ব্যাহত হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ রাজনীতিতে জড়িয়ে পড়ছেন, আবার অনেকে মাদকাসক্তির দিকেও ঝুঁকছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কোথাও কোথাও নিয়মিত ক্লাস হচ্ছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারের আরও নজরদারি প্রয়োজন।
আরেক অভিভাবক মো. আব্দুল বারী সরকার বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলা তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে, যা উদ্বেগজনক। শিক্ষার মান বাড়াতে নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, শ্রেণিকক্ষের পরিবেশ ও প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব দিতে হবে। শুধু পরীক্ষার আগে নয়, সারা বছর শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলার উদ্যোগ নিতে হবে।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. নাছিমা রব্বানী বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু শিক্ষিতই হচ্ছে না, আত্মনির্ভরশীল হিসেবেও গড়ে উঠছে। তাদের সাফল্যই প্রমাণ করে, প্রতিষ্ঠানটি সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কলেজটি এগিয়ে চলছে। শিক্ষকরা নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিক এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করেন। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি এখন একটি রোল মডেল হিসেবে বিবেচিত। সরকারি পৃষ্ঠপোষকতা ও অবকাঠামোগত উন্নয়ন করা হলে চিলমারী উপজেলার নারী শিক্ষায় কলেজটি আরও বড় পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই বাংলা/এমএস