রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকে মিলল শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা, গ্রেপ্তার ২

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ৭ হাজার ৮০০ কেজি জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আন্তজেলা চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে জিরাভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গজারিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের ভেতরে থাকা ২৬০ বস্তায় মোট ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়।

পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে এসব জিরা দেশে আনা হয়েছিল। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জিরা ও চোরাচালানে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহনূর আলম (পিতা: মোহাম্মদ আলী), সিলেটের জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া এলাকার বাসিন্দা এবং মো. সুরুজ মিয়া (পিতা: মো. ফুলসুর), রাজশাহীর পুঠিয়া থানার আটভাগ দক্ষিণ জামিরা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। অবৈধ চোরাচালান প্রতিরোধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর