কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি জামে মসজিদের ভেতরে মলমূত্র ছড়িয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মসজিদের মুয়াজ্জিন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার বটতলা রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
মসজিদের মুয়াজ্জিন মো. ছাবেদ আলী (৬৫) জানান, ভোর পৌনে ৫টার দিকে ফজরের আজান দিতে বাড়ি থেকে মসজিদের উদ্দেশে রওনা হন তিনি। মসজিদের সামনে পৌঁছে কয়েকজনকে বালতি হাতে চলে যেতে দেখেন। পরে ভেতরে প্রবেশ করে দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছড়িয়ে থাকতে দেখেন।
এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তিনি ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাক্ষী হিসেবে মো. মেহের জামাল, মো. নুর জামাল মিয়া ও মো. আব্দুল গলির নাম উল্লেখ করা হয়েছে।
মুয়াজ্জিন মো. ছাবেদ আলী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস