চট্টগ্রামের মিরসরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জোরারগঞ্জ বাজারে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতি আবদুল হাই, সংবর্ধিত শিক্ষক তারেক নিজামী, প্রশাসক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী দিদারুল আলম, শিক্ষক রেজাউল করিম, স্বেচ্ছাসেবী গোলাম মুর্তজা, মাকসুদুল আলম শাহীন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোর্শেদ ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আদর্শ বন্ধু ফোরাম দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
বর্ষপূর্তি উপলক্ষে বিডি ক্লিন মিরসরাইয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া সংগঠনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
সবশেষে আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ বছর পূর্তি উৎসবের সমাপ্তি ঘটে।
এই বাংলা/এমএস