শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তি উৎসব, নিবন্ধন ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব ঘিরে অংশগ্রহণের নিয়মাবলি ও নিবন্ধন ফি নির্ধারণ করেছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম কলেজিয়েটস’।

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন আয়োজন, অংশগ্রহণের নিয়মাবলি ও নিবন্ধন ফি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

আয়োজকরা জানান, ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী এ উৎসবে অংশ নিতে আজীবন সদস্য ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। এ ছাড়া একক ব্যক্তির নিবন্ধন ফি ২ হাজার টাকা, স্ত্রীর জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সন্তানের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সঙ্গে চালক থাকলে তাঁর জন্য নিবন্ধন ফি দিতে হবে ১ হাজার টাকা।

তবে যারা আগে থেকেই চট্টগ্রাম কলেজিয়েটসের আজীবন সদস্য হয়েছেন, তাঁদের নতুন করে আজীবন সদস্য হওয়ার প্রয়োজন নেই।

আয়োজকরা জানান, আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৩টায় স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে।

১৯০ বছরের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় পথচলা ও স্মৃতিময় সময় উদ্‌যাপনে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা।

চট্টগ্রাম কলেজিয়েটসের সিনিয়র সহসভাপতি ও ১৯০ বছর পূর্তি ও পুনর্মিলনী উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, সবার অংশগ্রহণে এই অমূল্য স্বপ্নযাত্রা সফল ও বর্ণিল হয়ে উঠবে বলে তিনি আশাবাদী। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উৎসব কমিটির সদস্য সচিব মোস্তাক হোসাইন, অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক ড. নুরুল আমিন, অধ্যাপক ড. মোহিত উল আলম, ওসমান গনি মনসুর, ফজলুল হক, ওয়াহিদ দুলাল, সমর বড়ুয়া, দ্বৈপায়ন পাল, মোসাব্বির হোসাইন বাঁধন, এহতেশামুল ইসলাম রিশতাসহ অনেকে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর