নীলফামারীর কিশোরগঞ্জে গভীর রাতে পথে পথে ঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। শুক্রবার রাতে তিনি এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
শুক্রবার রাত ৯টার দিকে একটি এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে গাড়িতে কম্বল নিয়ে বের হন ইউএনও। পথে পাঁচজন ব্যক্তিকে হালকা কাপড় পরা অবস্থায় দেখতে পান তিনি। পরে গাড়ি থেকে নেমে নিজ হাতে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন। ইউএনওর এমন মানবিক উদ্যোগ দেখে উপস্থিত অন্যান্য পথচারীরাও তাঁর প্রশংসা করেন।
এরপর তিনি নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীবাজার আকবরিয়া এতিমখানা মাদ্রাসায় যান। সেখানে ৫৫ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সমাজসেবক সুজাউল আলম সূজাসহ অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শীত নিবারণে শীতার্ত মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী প্রশাসন সব সময় থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এই বাংলা/এমএস