কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও কৃষির আধুনিকায়নের দাবিতে বরিশালে মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কৃষক প্রতিনিধি ও সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
কৃষকের অর্থনৈতিক মুক্তি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ এবং কৃষি খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সংগঠনটির পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নির্ধারণে কমিশন গঠন, সার-বীজ-কীটনাশকসহ কৃষি উপকরণের দাম যৌক্তিক পর্যায়ে রাখা, প্রতিটি উপজেলায় আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ, স্বল্প সুদে কৃষিঋণ প্রদান এবং কৃষি খাতে বিদ্যুৎ বিল কমানো।
এ ছাড়া প্রতিটি কৃষকের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা ও মাটি পরীক্ষার কেন্দ্র স্থাপন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদমুক্ত ঋণ ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, কৃষিপণ্য পরিবহনে রেলওয়ে সুবিধা ও ভর্তুকি নিশ্চিত করা, উপজেলা থেকে জাতীয় পর্যায়ের কৃষি সভায় কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং খাল-বিল খননের মাধ্যমে সেচ ও জলাবদ্ধতা সমস্যার সমাধানের দাবি জানানো হয়। একই সঙ্গে সরকারি পতিত খাসজমি ও জলাশয় ভূমিহীন কৃষকদের বরাদ্দ দেওয়ার দাবিও তুলে ধরা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় শাখার দপ্তর সম্পাদক জাকির হোসেন মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন ফারাজী।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসরাইল পন্ডিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল মীর এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আলমগীর ও শেখ ওবায়দুর রহমান।
বক্তারা বলেন, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষির উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১২ দফা দাবি বাস্তবায়ন জরুরি। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষকের স্বার্থ রক্ষা ও দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী কৃষক সংগঠন। কৃষকের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, কৃষির আধুনিকায়ন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
এই বাংলা/এমএস