নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত করেছে উপজেলা প্রশাসন। তাঁদের ভাতার অর্থ বন্ধ করে ওই শূন্য স্থানে নতুন করে সমসংখ্যক হতদরিদ্র মানুষকে উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি অর্থের অপচয় রোধ এবং প্রকৃত উপকারভোগীদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় বর্তমানে প্রতিবন্ধী ভাতাভোগী ৭ হাজার ৬০০, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগী ৭ হাজার ৩১৮ এবং বয়স্ক ভাতাভোগী ১৪ হাজার ৭১৮ জন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২০২৬ সালের ৩ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে লাইভ ভেরিফিকেশন করা হয়। এ কার্যক্রমে ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত হন।
লাইভ ভেরিফিকেশন শেষে মৃত ভাতাভোগীদের তালিকা ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি হিসাবরক্ষক, ইউনিয়ন সমাজকর্মী ও উদ্যোক্তার স্বাক্ষরসহ উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। পরে অধিকতর যাচাই-বাছাই শেষে তাঁদের স্থলে নতুন উপকারভোগী প্রতিস্থাপনের জন্য ইউনিয়ন কমিটির কাছে তিন দফায় চিঠি পাঠিয়ে তালিকা চাওয়া হলেও তা পাওয়া যায়নি।
অন্যদিকে, ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্তের বিষয়টি জেলা প্রশাসককে চিঠির মাধ্যমে জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নীতিমালা অনুসরণ করে তালিকাসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠানো হয়।
এদিকে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মৃত ভাতাভোগীদের ভাতা বন্ধ এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির পে-রোল প্রদান স্থগিত রাখা হয়েছে। এতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধ হয়েছে। সংশ্লিষ্ট অর্থ প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, মাইকিংয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করা হয়। পাশাপাশি আবেদন গ্রহণ ও বাস্তবায়নে ‘সরকারি সেবা গ্রহণ করি, দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ি’ স্লোগানে আয়োজন করা হয় ব্যতিক্রমী ভাতা মেলা। সেখানে হতদরিদ্র বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরা সরাসরি আবেদন করেন। তাঁদের পাশাপাশি আগে থেকে অপেক্ষমাণ আবেদনকারীদের মধ্য থেকেও শনাক্ত হওয়া মৃত ভাতাভোগীদের শূন্য স্থানে নতুন উপকারভোগী প্রতিস্থাপন করা হবে বলে জানা গেছে। এতে নতুন করে ১ হাজার ৪৭২ জন উপকারভোগী যুক্ত হওয়ার কথা রয়েছে।
প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহলের ব্যক্তিরা। তাঁদের মতে, সরকারি অর্থের অপচয় রোধ এবং প্রকৃত উপকারভোগীদের হাতে ভাতার অর্থ পৌঁছে দিতে এ উদ্যোগ সময়োপযোগী।
উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ বলেন, মৃত ভাতাভোগীদের শনাক্ত করে তাঁদের স্থানে নতুন উপকারভোগী প্রতিস্থাপনের উদ্যোগটি ভালো। এ কাজের জন্য প্রশাসন প্রশংসার দাবিদার।
সৈয়দপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন বলেন, রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করে প্রকৃত ব্যক্তিদের উপকারভোগী করার উদ্যোগটি খুবই ভালো। প্রশাসনের এ ব্যতিক্রমী উদ্যোগ একটি মডেল হতে পারে। প্রতিস্থাপনের কাজ সঠিকভাবে সম্পন্ন হলে হতদরিদ্র মানুষই উপকৃত হবেন বলে আশা করেন তিনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘সরকারি এ কর্মসূচি ও সহায়তা যেন কোনোভাবেই অপব্যবহার বা অনিয়মের শিকার না হয়, সে লক্ষ্যেই আমরা আন্তরিকতার সঙ্গে কাজটি করেছি। ডোর-টু-ডোর যাচাই কার্যক্রমে মৃত ভাতাভোগীদের শনাক্ত করে নতুন উপকারভোগী প্রতিস্থাপনের কাজ চলছে। এ কার্যক্রম ভবিষ্যতে ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের মাধ্যমে মৃত ভাতাভোগীদের শনাক্ত করা হয়েছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। শুধু স্থানীয় পর্যায়েই নয়, দেশব্যাপী সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে এ উদ্যোগ আলোড়ন সৃষ্টি করেছে। প্রকৃত দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
এই বাংলা/এমএস