মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দীপ রবিদাস প্রকাশ দূর্বাকে (৬৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজারে নুপুর চৌধুরীর পান দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার দীপ রবিদাস রাজনগর চা বাগানের দক্ষিণ সোনাতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মাধব রবিদাসের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, দীপ রবিদাস রাজনগর থানায় ২০১৩ সালের ২২ মার্চ দায়ের করা ১৪ নম্বর হত্যা মামলার আসামি। মামলাটির জিআর নম্বর ৫৩/১৩ এবং দায়রা নম্বর ৫০৭/২০১৪। এ মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই বাংলা/এমএস