বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে কিশোরী অপহরণ: মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের মামলায় পলাতক আসামি এমাদ মিয়াকে (২৬) সিলেটের গোলাপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জ থানাধীন চৌমহনী রোডের আবিদ প্লাজার ‘আমার বাড়ি’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এমাদ মিয়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাফিজিয়া এলাকার আফতাব মিয়ার ছেলে। তিনি এ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

এসআরবি-৯-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা। এমাদ মিয়া তাঁর প্রতিবেশী ও আত্মীয়। সেই সুবাদে তিনি প্রায়ই কিশোরীর প্রতিবেশী আওয়াল মিয়ার বাড়িতে যাতায়াত করতেন। এ সময় তিনি কিশোরীকে বিভিন্নভাবে অশালীন কথাবার্তা বলতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে ওষুধ আনতে বাড়ি থেকে বের হওয়ার পর কিশোরী আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু করেন। ওই দিন রাত ৮টার দিকে এমাদ মিয়া পরিবারের ব্যবহৃত মোবাইল ফোনে কল করেন। তবে কোনো কথা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়, এমাদ মিয়া অজ্ঞাতনামা আরও এক বা দুইজনের সহযোগিতায় কিশোরীকে অপহরণ করেছেন।

পরে মৌলভীবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় জুড়ী উপজেলার হাফিজিয়া এলাকায় এমাদ মিয়ার মামা জমির মিয়ার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প এবং এসআরবি-৯ সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ দল অভিযান চালিয়ে এমাদ মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর