তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে অভিযুক্তদের উকিল নোটিশ পাঠানো হলে তাঁরা সমঝোতার কথা বলে তাঁকে ডেকে নেন। সেখানে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
হাবিবুর রহমান বলেন, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ন্যায়বিচার চেয়ে গত ১০ আগস্ট ঢাকা মহানগর আদালতে এবং ৭ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি নূর এলাহী ভূঁইয়া, রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন, কাচ্চি বাড়ির মালিক রিপন আহমেদ, রাজধানী রেস্তোরাঁর মালিক মোহাম্মদ আলী হোসেন, হোটেল মালিক তামিম আহমেদ এবং বোর্ডবাজার বেপারী ফার্মার মালিক জাহিদ হাসানসহ আরও অনেকে।
হাবিবুর রহমান আরও বলেন, তিনি কারও সঙ্গে সংঘাতে জড়াতে চান না। তাঁর প্রত্যাশা, ন্যায়বিচার নিশ্চিত করা, নিরাপদে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি এবং নিজের ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষার নিশ্চয়তা পাওয়া।
সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তিনি কখনোই স্বাধীন সাংবাদিকতার বিরোধী নন। তবে তথ্য-প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ প্রকাশের নামে হয়রানি এবং ব্যক্তিগত স্বার্থে গণমাধ্যমের অপব্যবহার বন্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
এই বাংলা/এমএস