বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে দরিদ্রদের নামে ৪ কোটি টাকার ব্যাংক লেনদেন, জালিয়াতির অভিযোগে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের পূবালী ব্যাংকের ঘোষপাড়া শাখায় দরিদ্র মানুষের নামে ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। হতদরিদ্র ও ছিন্নমূল আট ব্যক্তির নামে খোলা এসব হিসাবে অনলাইনে আরও ৩ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৬০৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।

দৈনিক আগামীর সময়ে গত ২৮ সেপ্টেম্বর ‘গরিবের নামে কোটি টাকা লেনদেন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এ ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসছে। অভিযোগ অনুযায়ী, প্রায় দেড় বছর আগে আট ব্যক্তির নামে ব্যাংক হিসাবগুলো খোলা হয়। অথচ তাঁদের কেউই কখনো ব্যাংকের ওই শাখায় যাননি বা কোনো কাগজে সই-স্বাক্ষর করেননি। তাঁরা সবাই কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আবাসন প্রকল্পের বাসিন্দা।

ভুক্তভোগীদের দাবি, কয়েকজন যুবক বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ঘরবাড়ি দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি ও ছবি সংগ্রহ করেন। পরে তাঁরা কোনো ভাতা বা ঘরবাড়ি পাননি। ওই যুবকদেরও আর খোঁজ মেলেনি। একজনের নামে জালিয়াতির মামলার কথা জানার পর তাঁদের সন্দেহ হয়। পরে ব্যাংক হিসাবের বিবরণী সংগ্রহ করে নিজেদের নামে বিপুল অঙ্কের লেনদেনের তথ্য দেখতে পান তাঁরা।

ভুক্তভোগীদের ব্যাংক হিসাবের বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করা শিল্পী খাতুনের হিসাবে চলতি বছরের জুলাই পর্যন্ত লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। এর বেশির ভাগই অনলাইন লেনদেন। এসব অর্থ কখনো পূবালী ব্যাংকের এক হিসাব থেকে অন্য হিসাবে, আবার কখনো নগদ, বিকাশ, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের বিভিন্ন হিসাবে লেনদেন হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শিল্পী খাতুন ও তাঁর স্বামী ধরলা আবাসন প্রকল্পের দুই কক্ষের একটি বাড়িতে বসবাস করেন। তাঁর স্বামী ডলার পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় থাকেন। তিনি বলেন, ‘একদল ছেলে এসে আমাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে গেছিল। পরে আমরা ব্যাংক থেকে লেনদেনের তথ্য নিয়ে জানতে পারি, আমার স্ত্রীর নামে ১ কোটি ৩ লাখ টাকার মতো লেনদেন হয়েছে। আমার নামেও খোলা হয়েছে ব্যাংক হিসাব। তবে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে হিসাবের তথ্য দেয় নাই। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।’

মো. মেহের আলীর ব্যাংক হিসাব থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন হয়েছে ৯০ লাখ ৫৬৯ টাকা। হিসাব থেকে হিসাবে এসব অর্থ লেনদেন হয়েছে। মেহের আলী বলেন, ‘বাবা, আমি অসুস্থ মানুষ; কাজ করতে পারি না। কীভাবে কী হইল আমি কিছুই জানি না।’

একই আবাসনের বাসিন্দা মো. মকবুল হোসেনের ব্যাংক হিসাব থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৮৪ লাখ ৪৩ হাজার ৬৬৮ টাকা লেনদেন হয়েছে। এ বিষয়ে তিনিও কিছু জানেন না বলে জানিয়েছেন। অন্যদিকে, মোছা. সহিদা বেগমের হিসাবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৪০ লাখ ৩৯ হাজার ৪৭০ টাকা লেনদেন হয়েছে। তিনি অন্যের বাসায় কাজ করেন এবং ব্যাংকটির অবস্থানও চেনেন না। বাচ্চু মিয়ার হিসাবেও ১ লাখ ১ হাজার টাকা লেনদেন হয়েছে। তাঁর দাবি, কীভাবে তাঁর হিসাব থেকে এসব লেনদেন হয়েছে, তা তিনি জানেন না।

এ বিষয়ে কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এ এইচ এম আলমগীর কবিরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না।’ ভুক্তভোগীদের উপস্থিতি ছাড়া কীভাবে তাঁদের নামে ব্যাংক হিসাব খোলা হলো এবং এসব হিসাবে কারা কীভাবে বিপুল অর্থ লেনদেন করেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

দরিদ্র মানুষের এনআইডি ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা এবং সেসব হিসাবের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে ভুক্তভোগী আহিনা বাদী হয়ে গত ২ নভেম্বর কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা আসামিরা হলেন মো. শামীম বাবু শান্ত, মো. আবুল হোসেন, মো. সোহানুর রহমান সৈকত, মো. নুর জামাল, মো. আনিছুর রহমান আপেল ও মো. রুহুল আমিন। মামলার তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম সদর উপজেলার পূবালী ব্যাংকের ওই শাখায় আট দরিদ্র ব্যক্তির নামে জালিয়াতির মাধ্যমে আটটি হিসাব খোলা হয়। এসব হিসাবের মাধ্যমে ৪ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৪৫৬ টাকা উত্তোলন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ফারুক হোসেন সেতু বলেন, ‘দরিদ্র মানুষের এনআইডি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি, প্রকৃত অপরাধীরা ধরা পড়বেন এবং ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পাবে।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর