খাগড়াছড়ির রামগড়ে ভারতের সীমান্তবর্তী ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর কপাল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফেনীরকুল সীমান্ত এলাকায় নদী থেকে স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকার মৃত মংমং মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন অংথৈইপ্রু মারমা। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সন্ধ্যার পর থেকে স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরদিন শনিবার সকালে ফেনী নদীর তীরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা মরদেহটি উদ্ধার করেন।
নিহতের ছেলে ও রামগড় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকেতনের শিক্ষক থৈঅংগ মারমা জানান, শুক্রবার দুপুর থেকে তাঁর বাবা নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে প্রতিবেশীরা নদী থেকে তাঁর বাবার মরদেহ উদ্ধার করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস