রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ এক নারীকে দেখতে তাঁর বাসায় গেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। এ সময় তিনি ভুক্তভোগীর চিকিৎসা, আইনগত সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ কমিশনার ভুক্তভোগীর বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসা ও পারিবারিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
এ সময় ভুক্তভোগীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাঁর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন পুলিশ কমিশনার। একই সঙ্গে এ কঠিন সময়ে পুলিশ প্রশাসন তাঁর পাশে থাকবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাঁর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভালের বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের অন্যান্য সদস্য।
আরএমপি জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা ও এসিড সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ়। অপরাধের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, আইনগত সহায়তা এবং মানবিক প্রয়োজনে পাশে থাকতে পুলিশ কাজ করে যাচ্ছে।
এই বাংলা/এমএস