রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আমন ধান সংগ্রহ শুরু, কেজিতে ৩৫ টাকা পাবেন কৃষকরা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৬ সালের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, দেশের কৃষকরা যেন তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কৃষকের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন এবং সরকারি খাদ্য মজুত শক্তিশালী করার উদ্দেশ্যেই অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

খাদ্যমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকার মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। চলতি মৌসুমে প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

তিনি আরও বলেন, ক্ষুধামুক্ত দেশ গড়ার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের প্রতিটি মানুষ এবং কৃষক পরিবারের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন এবং পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার এবং জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর