রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বদলি স্থগিতের পরও স্কুলে ফেরেননি ১২ শিক্ষক, এবার কারণ দর্শানোর নোটিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃবিদ্যালয় বদলির আদেশ স্থগিত হওয়ার পরও আগের কর্মস্থলে যোগ দেননি ১২ সহকারী শিক্ষক। দেড় মাসের বেশি সময় ধরে তাঁরা নিজ নিজ বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এ ঘটনায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ওই ১২ শিক্ষককে নিজ কার্যালয়ে ডেকে পাঠান কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। এ সময় বদলির আদেশ স্থগিত হওয়ার পরও আগের কর্মস্থলে যোগ না দেওয়ার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়। তবে এরপরও তাঁরা বিদ্যালয়ে ফেরেননি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি গত ২৯ সেপ্টেম্বর বিকেলে ১২ জন শিক্ষকের বদলির আদেশ জারি করে। তবে বদলির ক্ষেত্রে নীতিমালা অনুসরণ না করার অভিযোগ ওঠায় পরদিন ৩০ সেপ্টেম্বর ওই আদেশ স্থগিত করে সংশ্লিষ্ট কমিটি।

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির জন্য আবেদন করেছিলেন ৪৩ জন শিক্ষক। তাঁদের মধ্য থেকে ১২ জনকে বদলির অনুমোদন দেওয়া হয়। তবে বদলি-সংক্রান্ত নথিপত্র ও আদেশ পর্যালোচনায় দেখা গেছে, ওই ১২ জনের মধ্যে আটজনের বদলির ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বদলির আদেশ স্থগিত করা হয়।

কিন্তু আদেশ স্থগিত হওয়ার আগেই নতুন বিদ্যালয়ে যোগদান করা ওই ১২ শিক্ষক সেখানে হাজিরা দেওয়া অব্যাহত রাখেন। তাঁদের আগের কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও তাঁরা তা অনুসরণ করেননি। ফলে দীর্ঘ সময় ধরে নিজ নিজ বিদ্যালয়ে তাঁদের অনুপস্থিতির ঘটনা তৈরি হয়েছে।

শিক্ষকদের নির্দেশনা না মানার বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁদের ইউএনওর কার্যালয়ে ডাকা হয়। সেখানে বদলির আদেশ স্থগিত থাকার পরও কর্মস্থলে ফিরে না যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ওই ১২ শিক্ষক ইউএনওর কার্যালয় থেকে বের হন। কিন্তু তাঁরা নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাননি। পরে তাঁরা সবাই মিলে স্থানীয় এক বিএনপি নেতার কাছে গেছেন বলে শুনেছেন। তাঁর ধারণা, প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করা হতে পারে।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে শিক্ষকদের অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তালিকাভুক্ত শিক্ষকদের একজন মোছা. রোখসানা পারভীন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোছা. ছালেহা খাতুন বলেন, রোখসানা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসছেন না। ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁর ডেপুটেশনের মেয়াদ শেষ হলেও তিনি কর্মস্থলে ফেরেননি। প্রায় ১১ মাসের বেশি সময় ধরে তিনি অনুপস্থিত রয়েছেন। কোন আদেশের ভিত্তিতে তিনি বিদ্যালয়ে আসছেন না, সে বিষয়ে তিনি অবগত নন। এ-সংক্রান্ত কোনো আদেশের কপিও বিদ্যালয় কর্তৃপক্ষ পায়নি।

অন্যদিকে, কুড়িগ্রাম সদর উপজেলার ১ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসেনও রয়েছেন ওই তালিকায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. তৌহিদুজ্জামান বলেন, বদলির আদেশ স্থগিত হওয়ার পরও ফারুক হোসেন আগের কর্মস্থলে ফেরেননি। গত ১ অক্টোবর থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। কোন আদেশের ভিত্তিতে তিনি অন্য বিদ্যালয়ে হাজিরা দিচ্ছেন, সে বিষয়ে তাঁর কিছু জানা নেই।

এদিকে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে শিক্ষক মো. ফারুক হোসেন বলেন, শুধু তিনি নন, ১২ জন শিক্ষকই তাঁদের আগের বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বদলির আদেশ স্থগিত হওয়ার খবর পাওয়ার আগেই তাঁরা নতুন বিদ্যালয়ে যোগদান করেছিলেন। কর্তৃপক্ষ লিখিতভাবে আগের কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তাঁরা সেখানে যোগ দেবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ঢাকায় অবস্থান করায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তবে বদলি করা বিদ্যালয়ে ওই ১২ শিক্ষকের দেওয়া যোগদানপত্র তিনি গ্রহণ করেননি বলে জানা গেছে।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, মৌখিকভাবে বদলির আদেশ স্থগিত করার পর এ বিষয়ে লিখিত আদেশও জারি করা হয়েছিল। এরপরও কেন শিক্ষকরা আগের কর্মস্থলে ফেরেননি, তা জানতে তাঁদের ডাকা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আগামী রবিবার নোটিশ পাঠানো হবে। জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আগের বদলি আদেশের অসঙ্গতি দূর করে নতুন আদেশ জারির বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর