ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ, যা সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবে নিয়মিত নির্দিষ্ট সময় ধরে হাঁটা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন, এমন ব্যক্তিদেরও এখন থেকেই নিয়ম মেনে চলা উচিত।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
আলোচনা সভার আগে ‘ডায়াবেটিস প্রতিরোধে দ্রুত পদক্ষেপ’ প্রতিপাদ্য সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কেটে বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্বোধন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। এর ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি বিকল ও অন্ধত্বসহ নানা জটিলতা দেখা দিতে পারে। এসব ঝুঁকি কমাতে ‘থ্রি-ডি’—ডিসিপ্লিন, ডায়েট কন্ট্রোল ও নিয়মিত ড্রাগ গ্রহণ—মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, খাদ্যতালিকায় ফলমূল, শাকসবজি ও সালাদ রাখতে হবে এবং পরিমিত খাবার গ্রহণ করতে হবে। পাশাপাশি অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা, ধূমপান ও মদ্যপান বর্জন, পর্যাপ্ত পানি পান এবং ফাস্টফুড ও কোমল পানীয় পরিহার করা প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম এবং শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখারও পরামর্শ দেন তাঁরা।
অনুষ্ঠানে জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস