টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে উৎসবমুখর পরিবেশে নারী মেগাফাইনাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ঢাকা বিভাগকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে স্থানীয় ক্রীড়া সংগঠন ভাদ্রা স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনালে মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগ।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান মাহমুদ চঞ্চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মুকুল। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন আরিফুল ইসলাম নবা। খেলার উদ্বোধন করেন মো. আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিল্লুর রহিম, নজরুল ইসলাম, সাদিকুর রহমান বাদল, জিহাদ হোসেন ডিপটি, মো. শামসুল আলম, মীর খালিদ মাহাবুব রাসেল ও শহীদুল ইসলাম মনির। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাকির হোসেন পথিক।
নির্ধারিত ৬০ মিনিটের খেলায় ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগ ১-১ গোলে সমতায় থাকে। পরে ট্রাইব্রেকারে রাজশাহী বিভাগ ২-১ গোলে ঢাকা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস